স্বাধীনতা ও জাতীয় দিবসের মহান এই দিনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, ‘আজ স্বাধীনতাবিরোধী শক্তিগুলো প্রকাশ্যে আস্ফালন করছে। বিগত অন্তর্বর্তী সরকারের সময় থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যকে লক্ষ্য করে বারবার আক্রমণ চালানো হচ্ছে।’ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন তিনি। এসময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুহিন হোসেন।
তিনি বলেন, ‘২৬ মার্চ আমাদের এই মহান দিবস পালনের সময় স্পষ্ট দেখা যাচ্ছে, উগ্র দক্ষিণপন্থী শক্তির ক্রমবর্ধমান প্রভাব। আমাদের প্রত্যাশা, আজ যাঁরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন, যাঁরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বারবার উচ্চারণ করেন, তাঁরা যেন মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ গ্রহণ করেন। সেই সঙ্গে স্বাধীনতাবিরোধী অপশক্তিকে নির্মূল করতে ভূমিকা পালন করেন।’
রুহিন হোসেন আরও বলেন, ‘স্বাধীনতার এত বছর পরেও যখন আমরা গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখি, তখনও তা অধরা থেকে যাচ্ছে। স্বাধীনতার বিরোধীরা যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে, তা অত্যন্ত উদ্বেগজনক। গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়নি। অসাম্প্রদায়িক ও শোষণমুক্ত সমাজ গঠনের স্বপ্ন এখনও অধরা।’
তিনি উল্লেখ করেন, ‘মুক্তিযুদ্ধের আদর্শ ও মূল্যবোধকে ধারণ করে একটি প্রকৃত অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ে তোলা আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে, স্বাধীনতাবিরোধী অপশক্তির প্রভাব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
সিপিবির সাবেক এই নেতা বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনার আলোকে রাষ্ট্র পরিচালনা করতে হলে শুধু মুখে কথা বললেই হবে না, বাস্তবে তার প্রতিফলন ঘটাতে হবে। সরকারের উচিত হবে মুক্তিযুদ্ধের বিরোধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা এবং তাদের প্রভাব নির্মূল করতে কার্যকর পদক্ষেপ নেওয়া।’
মন্তব্য করুন