বগুড়ার পাঁচ তারকা মানের ‘মম ইন ইকো পার্ক অ্যান্ড রিসোর্ট’ এ শনিবার উদ্বোধন হলো দেশের প্রথমবারের মতো বিশ্বমানের কেব্ল কার রাইড। ঈদের ছুটির দিনে এই নতুন রাইডের সুযোগ গ্রহণ করতে দলবল নিয়ে ভিড় জমিয়েছেন পর্যটকরা। মম ইন কর্তৃপক্ষ জানায়, দেশের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এবং বিদেশি পর্যটকদের সামনে বাংলাদেশের সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পাঁচ তারকা এই হোটেল ও রিসোর্টে বিশ্বমানের বিনোদনমূলক সুবিধা যুক্ত করা হয়েছে।
কেব্ল কারটির দুটি স্টেশন রয়েছে—একটি মম ইন হোটেল চত্বরে এবং অন্যটি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এই রাইডটির উচ্চতা ১৩০ থেকে ১৪০ ফুট। প্রতিটি কেব্ল কার চেম্বারে চারজন আরোহীর স্থান রয়েছে বলে প্রতি রাইডে সর্বোচ্চ ১২৮ জন যাত্রী বহন করতে পারে। জনপ্রতি টিকিটের মূল্য ধার্য করা হয়েছে ২০০ টাকা। পুরো যাত্রায় সময় লাগে মাত্র ৩৬ মিনিট। তবে হোটেলের অতিথিদের পাশাপাশি যে কোনো দর্শনার্থীই এই রোমাঞ্চকর অভিজ্ঞতা গ্রহণ করতে পারবেন।
মম ইন ইকো পার্ক অ্যান্ড রিসোর্টের ব্যবস্থাপক (অপারেশন) রাকিবুল ইসলাম জানান, দেশীয় পর্যটন শিল্পকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, ‘এই কেব্ল কার শুধু একটি বিনোদনমূলক রাইড নয়, এটি একটি অনন্য অভিজ্ঞতা, যা দর্শনার্থীদের মন জয় করবে।’ তিনি জানান, পার্কটিতে ইতোমধ্যেই ভাসমান বোটিং, সাইক্লিং, গেমিং জোন, ট্র্যাকলেস ট্রেন, ফেরিস হুইল, ওয়েভ পুল, লেজি রিভারসহ নানা আধুনিক রাইড চালু রয়েছে। সেই সঙ্গে নতুন সংযোজন হলো হেলিকপ্টার রাইড এবং এবার যুক্ত হয়েছে কেব্ল কার।
আজ দুপুর থেকেই পার্কটিতে হাজারো দর্শনার্থীর সমাগম ঘটে। পরিবারের সদস্যদের সঙ্গে কেব্ল কার রাইড উপভোগ করেন বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা মোশতাক আহমেদ। তিনি বলেন, ‘অসাধারণ প্যানোরামিক দৃশ্য উপভোগ করেছি। পড়ন্ত বিকেলে বিস্তৃত সবুজ প্রকৃতি, ওয়েভ পুলের ঝিলিমিলি ঢেউ এবং করতোয়া নদীর নান্দনিক সৌন্দর্য আমাকে সম্পূর্ণ বিমোহিত করেছে। পুরো যাত্রাটি ছিল অত্যন্ত আনন্দদায়ক।’
মম ইন ইকো পার্ক অ্যান্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক টি এম আলী হায়দার বলেন, ‘এই কেব্ল কার রাইড দেশের পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এটি শুধু একটি বিনোদনমূলক রাইড নয়, এটি একটি আবেগঘন অভিজ্ঞতা, যা দর্শনার্থীদের মনে গভীর ছাপ রেখে যাবে।’ তিনি আরও উল্লেখ করেন যে, উত্তরাঞ্চলের পর্যটন সম্ভাবনা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, মম ইন ইকো পার্ক অ্যান্ড রিসোর্ট বগুড়ার করতোয়া নদীর তীরে অবস্থিত একটি অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। বিশ্বমানের এই কেব্ল কার রাইড উদ্বোধনের মধ্য দিয়ে স্থানীয় পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ হলো বলে পর্যটক মহলে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।
মন্তব্য করুন