যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান বিরোধী সামরিক অভিযান নিয়ে তাঁর মনোভাব ঘুরে গিয়েছে বলে মন্তব্য করেছেন বিখ্যাত বিনিয়োগকারী মাইকেল বারি। ‘দ্য বিগ শর্ট’ খ্যাত এই বিনিয়োগকারী তাঁর সাবস্ট্যাকে লিখেছেন, ট্রাম্প এখন যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিবর্তে বাজারের পতন রোধ করতে দ্রুত পদক্ষেপ নিতে চাইছেন। বারি বলেন, ‘স্টক মার্কেট হলো ট্রাম্পের ক্রিপ্টোনাইট।’ তিনি আরো যোগ করেন, ‘ট্রাম্পের যুদ্ধের লক্ষ্য এখন ‘বিপ্লব’ থেকে পাল্টে হয়ে গেছে ‘বাজার ভেঙে পড়ার আগেই যুদ্ধ থামানো।’ এই অবস্থাকে তিনি ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন।
গত সপ্তাহান্তে বারি তাঁর সাবস্ট্যাকে লিখেছিলেন, ট্রাম্প ইরান বিরোধী যুদ্ধকে এখন ‘বাজার ব্যবস্থাপনার যুদ্ধ’ হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘একসময় আমেরিকার স্বার্থ রক্ষার কথা বলে শুরু করা এই যুদ্ধ এখন হয়ে দাঁড়িয়েছে তেলের দাম নিয়ন্ত্রণ আর স্টক মার্কেট রক্ষার যুদ্ধ।’ বারির মতে, ট্রাম্পের এই পরিবর্তিত মনোভাব ইরান যুদ্ধের প্রকৃত চেহারা তুলে ধরছে। তিনি আরো উল্লেখ করেন, মার্কিন সেনাবাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের বেশিরভাগ ধ্বংস করলেও ট্রাম্প এখন যুদ্ধ থামানোর কথা ভাবছেন, কারণ বাজারের অবস্থা তাঁকে চাপে ফেলেছে।
বারি তাঁর বার্তায় উল্লেখ করেন, স্টক মার্কেটের পতনের কারণে ট্রাম্প এখন ইরানের তেল বিক্রয় অনুমোদন দিচ্ছেন। নিউজ রিপোর্টের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, মার্কিন সরকার ইতিমধ্যেই ইরানের কিছু পেট্রোকেমিক্যাল পণ্য বিক্রয়ের অনুমতি দিয়েছে, যেগুলো ইতোমধ্যেই জাহাজে তুলে রাখা হয়েছিল। এর মূল উদ্দেশ্য হলো তেলের দাম নিয়ন্ত্রণ করা। বারি তাঁর পরবর্তী বার্তায় লেখেন, ‘ট্রাম্প এখন হরমুজ প্রণালীতে আল্টিমেটাম দিচ্ছেন। তাঁর ইচ্ছা যুদ্ধ শেষ হওয়ার আগেই মার্কেট খোলার আগেই বিজয় ঘোষণা করা।’
গত জানুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্রের প্রধান স্টক সূচক এসঅ্যান্ডপি ৫০০ প্রথমবারের মতো ৭০০০ পয়েন্ট অতিক্রম করেছিল। কিন্তু তারপর থেকে তা প্রায় ৬ শতাংশ কমে সোমবার ক্লোজিংয়ের সময় ৬৬০০ পয়েন্টের নিচে নেমে এসেছে। এই পতনের পেছনে রয়েছে অ্যাডোব সহ বিভিন্ন সফটওয়্যার স্টক থেকে বিনিয়োগকারীদের প্রস্থান। কারণ তাঁরা মনে করছেন, গ্রাহকরা তাঁদের সাবস্ক্রিপশন বাতিল করে এআই টুল ব্যবহার করবেন।
ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষের কারণে ওমান উপসাগরের হরমুজ প্রণালী দিয়ে তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহনে ব্যাপক ব্যাঘাত ঘটেছে। এই এলাকায় শক্তি অবকাঠামোতে হামলার কারণে বছরের শুরু থেকে ব্রেন্ট ক্রুডের দাম ৬৬ শতাংশ এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম প্রায় ৬০ শতাংশ বৃদ্ধি পেয়ে যথাক্রমে প্রায় ১০০ ডলার ও ৯০ ডলারে দাঁড়িয়েছে। তেলের মূল্যবৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানি সংকট তীব্রতর হয়েছে, যা নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরো কঠিন করে তুলছে। এর ফলে মুদ্রাস্ফীতির ভয়ও বেড়েছে, যা ফেডারেল রিজার্ভকে সুদের হার কমানোর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে।
বারি তাঁর পূর্ববর্তী লেখায় ট্রাম্প সম্পর্কে বলেছিলেন, তাঁর ‘ক্রিপ্টোনাইট হলো মার্কিন স্টক মার্কেট।’ তিনি আরো বলেছিলেন, ‘এর বাইরে অন্য কিছু তাঁকে স্পর্শ করতে পারে না।’ অন্যান্য বিনিয়োগকারীরাও লক্ষ্য করেছেন যে ট্রাম্প তাঁর নীতিগুলোর কারণে মার্কেটের তীব্র বিরোধিতার মুখোমুখি হলে সহজেই পিছু হটেন। এই প্রবণতাকে কাজে লাগিয়ে তাঁরা ‘ট্রাম্প অলওয়েজ চিকেনস আউট’ বা টিএসিও ট্রেডের মাধ্যমে লাভবান হওয়ার চেষ্টা করছেন।
বারি মূলত ২০০০ সালের মাঝামাঝি সময়ে আবাসন বুদ্বলের ধসের পূর্বাভাস দিয়ে খ্যাতি অর্জন করেছিলেন। তাঁর বিপরীতমুখী বিনিয়োগ কৌশল ‘দ্য বিগ শর্ট’ বই ও চলচ্চিত্রের বিষয়বস্তু ছিল। বর্তমানে তিনি তাঁর নিজস্ব সাবস্ট্যাকে নিয়মিত অর্থনৈতিক বিশ্লেষণ ও মতামত প্রকাশ করে থাকেন।
মন্তব্য করুন