পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর অভিজাত বিপণিবিতানগুলোতে পাঞ্জাবির বাজার জমে উঠেছে। দামের দিক থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বনানীর বিখ্যাত ব্র্যান্ড ‘হাউস অব আহমেদ’। এই ব্র্যান্ডটির সর্বোচ্চ মূল্য এবার পৌঁছেছে পাঁচ লাখ টাকা পর্যন্ত। যেখানে এ বছরের শুরুতে সবচেয়ে কম দামের পাঞ্জাবিটি বিক্রি হচ্ছে ছয় হাজার টাকা থেকে।
বনানীর ১২ নম্বর সড়কের সিবিএল ডেলভিস্টা ভবনের সপ্তম ও অষ্টম তলায় অবস্থিত ‘হাউস অব আহমেদ’-এর বিক্রয়কেন্দ্রে প্রদর্শিত দামি পাঞ্জাবিগুলোর বেশির ভাগই তৈরি হয়েছে উন্নত মানের কাপড়ে জারদোসি ও সূক্ষ্ম এমব্রয়ডারির কাজে। এসব বিশেষ নকশার পোশাক তৈরিতে সময় লাগে কয়েক মাস থেকে এক বছর পর্যন্ত। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ডিজাইনার আহমেদ তুহিন রেজা জানান, দক্ষ কারিগরদের হাতে দীর্ঘ সময় ধরে পরিশ্রম করে এসব পোশাক তৈরি করা হয় বলেই খরচ বেশি পড়ে। তিনি আরও বলেন, ‘আমাদের উদ্দেশ্য হলো মানুষের রুচির পরিবর্তন ঘটানো। গ্রাহকেরা চাইলে এসব পাঞ্জাবিকে তাঁদের পছন্দমতো শেরওয়ানিতেও রূপান্তর করতে পারেন।’
একই ভবনে অবস্থিত আরেকটি দামি পোশাকের দোকান ‘জুরহেইম’-এও পাঁচ হাজার টাকা থেকে শুরু করে লাখ টাকার পাঞ্জাবি পাওয়া যাচ্ছে। এ দোকানটির বৈশিষ্ট্য হলো হাতের সূক্ষ্ম কাজ, আরামদায়ক কাপড় এবং সীমিত সংস্করণের নকশা। বিগত বছরের তুলনায় এ বছর বিক্রির পরিমাণ স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন দোকান কর্তৃপক্ষ। তারা নতুন করে জামদানি পাঞ্জাবি বাজারে আনার ঘোষণা দিয়েছেন, যা ক্রেতাদের ঈদের আনন্দকে আরও বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।
রাজধানীর গুলশানসহ বিভিন্ন অভিজাত শপিং মলে বিভিন্ন মান ও দামের পাঞ্জাবি পাওয়া যাচ্ছে। যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা শপিং মল, মগবাজারের বিশাল মার্কেটেও রয়েছে নামি-দামি ব্র্যান্ডের পাঞ্জাবি। বেসরকারি চাকরিজীবী ফজলুল কবীর জানান, তিনি উপহার দেওয়ার জন্য ভালো মানের পাঞ্জাবি কিনতে এসেছেন। তিনি বলেন, ‘আমি ব্র্যান্ডেড দোকানগুলো ঘুরছি। পছন্দ ও দাম মিললেই কিনে নেব।’
বাজার বিশ্লেষকদের মতে, উচ্চবিত্ত ও অভিজাত শ্রেণির মানুষদের মধ্যে পোশাকের প্রতি বিশেষ মনোযোগ বৃদ্ধি পাওয়ায় এ ধরনের দামি পোশাকের চাহিদা ক্রমশ বাড়ছে। বিশেষ করে ঈদুল ফিতরের সময় বিভিন্ন ব্র্যান্ড তাদের বিশেষ সংগ্রহ নিয়ে বাজারে আসায় ক্রেতাদের মধ্যেও উৎসাহ দেখা যাচ্ছে। তবে মধ্যবিত্ত ও সাধারণ ক্রেতাদের জন্য তুলনামূলকভাবে কম দামের পাঞ্জাবিও রয়েছে বিপণিবিতানগুলোতে।
বনানীর বাইরে অন্যান্য এলাকায়ও পাঞ্জাবির দামের বৈচিত্র্য লক্ষ্য করা যাচ্ছে। যেখানে দুই হাজার টাকা থেকে শুরু করে অর্ধলক্ষ টাকার পাঞ্জাবি সহজেই পাওয়া যাচ্ছে। বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে আড়ং, ইনফিনিটি, ভাসাভি, মান্যবর, শপার্স ওয়ার্ল্ড, ইলিয়েন উল্লেখযোগ্য। ক্রেতাদের মধ্যে উপহারের জন্য পাঞ্জাবি কেনার প্রবণতা বেশি দেখা যাচ্ছে। ফলে ব্যবসায়ীরা তাদের সংগ্রহকে আরও বৈচিত্র্যময় ও আকর্ষণীয় করে তুলতে ব্যস্ত সময় পার করছেন।
মন্তব্য করুন