আমেরিকার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস সম্প্রতি সতর্ক করেছেন যে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আইন পেশার জন্য একটি বিশাল চ্যালেঞ্জ হয়ে উঠতে চলেছে। বিশেষ করে তরুণ আইনজীবীদের জন্য এই পরিবর্তন অত্যন্ত কঠিন হবে বলে মনে করেন তিনি। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘এআই সবার জন্য চাপ তৈরি করবে—হোক তা আইনের শিক্ষার্থী বা বিচারক। আইন পেশায় ব্যাপক পরিবর্তন আসবে। তরুণ আইনজীবীদের অবশ্যই দ্রুত মানিয়ে নিতে হবে।’
রবার্টস তার ছেলেকে জিজ্ঞাসা করেছিলেন এআই কী করতে পারে। তার ছেলে তাকে দেখান যে এআই তাদের কুকুরের উপর একটি গান তৈরি করতে পারে। এটা দেখে রবার্টস পুরোপুরি বিস্মিত হয়ে যান। তিনি বলেন, ‘আমি একেবারে হতবাক হয়ে গিয়েছিলাম। কীভাবে এটা সম্ভব হলো, তা ভেবে আমি অবাক।’ তিনি আরও বলেন, ‘এআই ভুল করতে পারে, তরুণ আইনজীবীরাও ভুল করে। তবে এআই যখন তিন মিনিটে কোনো জটিল আইনের বিশ্লেষণ করে দিতে পারে, তখন তরুণ আইনজীবীকে তা করতে হয় তিন দিন ধরে।’
তিনি স্বীকার করেন যে বিচারক হিসেবে তার নিজের উপরও এআই-এর প্রভাব পড়বে। তিনি বলেন, ‘আমি যদি কোনো মামলার রেকর্ড এআই-এর কাছে দিই এবং বলি যে এই মামলায় কে জিতবে, তাহলে এআই শতকরা হিসেবে উত্তর দেবে। আর বিচারক হিসেবে আমি যদি নিজে সিদ্ধান্ত নিই, তাহলে আমার উপরেও এআই-এর প্রভাব থাকবে।’ তিনি আরও বলেন, ‘এটা আমার জন্য চাপ তৈরি করবে।’
রবার্টস স্বীকার করেন যে তিনি নিজে প্রযুক্তির দিক থেকে ‘ডাইনোসর’ পর্যায়ের মানুষ। তিনি বলেন, তিনি নিজে এআই নিয়ে কাজ করার পরিবর্তে তার সহকারীদের উপর নির্ভর করবেন। তবে তার দুই সন্তান, যারা বিশের কোঠায়, তারা এআই নিয়ে নানান পরীক্ষা-নিরীক্ষা করেন। তার ছেলে তাকে দেখিয়েছিলেন যে কীভাবে এআই দিয়ে একটি র্যাপ গান তৈরি করা যায় তাদের পরিবারের কুকুরকে নিয়ে। রবার্টস বলেন, ‘সে বললো, ‘লিখো একটা গান জোজো নামে একটা কুকুরের উপর যে সুপ্রিম কোর্টে যায়।’ তারপর বললো, ‘এটা র্যাপ স্টাইলে করো।’ আমি পুরোপুরি হতবাক হয়ে গেলাম।’
এআই স্টার্টআপ ‘হার্ভে’ ইতিমধ্যেই কর্পোরেট আইন এবং প্রায় এক ট্রিলিয়ন ডলারের আইন ব্যবসায় বিপ্লব ঘটাচ্ছে। রবার্টস বলেন, ‘এআই ভুল করবে, তরুণ আইনজীবীরাও ভুল করবে। তবে এআই-এর প্রভাব কেবল কর্মসংস্থান হারানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি বিচার ব্যবস্থাকেও প্রভাবিত করবে।’ তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ভাল মানুষেরা আইন পেশায় আসবেন, তবে তাদের দ্রুত পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।
মন্তব্য করুন