গত রবিবার রাতে অনুষ্ঠিত হলো ৯৮তম একাডেমি পুরস্কার অনুষ্ঠান। দিনভর আলোচনার কেন্দ্রবিন্দু ছিল সেই রাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারটি নিয়ে। সেরা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয় পল থমাস অ্যান্ডারসনের নির্মিত চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’। লিওনার্দো ডিক্যাপ্রিও, বেনিসিও ডেল টোরো, শন পেন, চেজ ইনফিনিটি এবং টিয়ানা টেলরের মতো তারকাদের সমন্বয়ে নির্মিত এই চলচ্চিত্রটি ছয়টি বিভাগে পুরস্কার জয় করে নেয়।
পুরস্কার গ্রহণের সময় মঞ্চে উঠতে গিয়ে নিরাপত্তারক্ষীর সঙ্গে এক উত্তেজনাকর ঘটনায় জড়িয়ে পড়েন টিয়ানা টেলর। সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কারটি না পেলেও তিনি ছিলেন বিজয়ী চলচ্চিত্রটির অন্যতম অংশ। পুরস্কার গ্রহণের সময় তিনি যখন মঞ্চের দিকে যাচ্ছিলেন, তখন তাকে আটকে দেন একজন নিরাপত্তারক্ষী। তার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে টেলর জানান, তিনি কোনোভাবেই অযথা অসম্মান সহ্য করেন না।
টিএমজেড সূত্রে জানা গেছে, টেলর যখন ওয়ার্নার ব্রোসের সহ-প্রধান পাম আবদির সঙ্গে মঞ্চে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন, তখন তাকে বাধা দেন নিরাপত্তারক্ষী। প্রথমে তিনি শারীরিকভাবে তাকে আটকে ধরেন, পরে টেলরকে ধাক্কা দেওয়ার অভিযোগও ওঠে। ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায় টেলর বারবার নিরাপত্তারক্ষীকে ‘খুবই রূঢ়’ বলে উল্লেখ করছেন এবং চলে যাওয়ার আগে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।
এই ঘটনার পর টেলর টিএমজেডকে বলেন, “নিরাপত্তা ব্যবস্থা অনেক সময়ই অতিরিক্ত রক্ষণশীল হয়ে ওঠে। এমন একটা সময় আছে যখন একজনকে সবসময় দায়িত্বপালন করতে হয়।” তিনি আরও যোগ করেন, “আমি অযথা অসম্মানের বিরুদ্ধে কোনো অবস্থাতেই টলারেন্ট নই।” যদিও ঘটনার পর চলচ্চিত্রটির জয়োল্লাসে কোনো ছেদ পড়েনি। চলচ্চিত্রটি ছয়টি বিভাগে পুরস্কার জয় করে নেয়, যার মধ্যে রয়েছে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা সম্পাদনা এবং সেরা অভিযোজিত চিত্রনাট্য।
৩৫ বছর বয়সী টেলর ইতিমধ্যেই কয়েকটি নতুন প্রকল্পে কাজ করছেন। তার অভিনীত চলচ্চিত্র ‘৭২ আওয়ার্স’ পোস্ট-প্রোডাকশনে রয়েছে, অন্যদিকে ‘দ্য স্ম্যাক’ প্রি-প্রোডাকশন পর্যায়ে রয়েছে। এছাড়া তিনি ‘স্লাইম’ নামক একটি চলচ্চিত্রের জন্য কণ্ঠ দিচ্ছেন, যা বর্তমানে নির্মাণাধীন। অস্কারের আয়োজকদের প্রতি তার সাম্প্রতিক অভিজ্ঞতা সত্ত্বেও, তিনি আগামী দিনে আরও বেশি কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
মন্তব্য করুন